Wednesday, July 30, 2014

ভিসকি গোলি

টিভিটা ছিল চারপেয়ে। আর সামনে একটা শাটার যেটা দুদিকে খুলে যেত। তারপর নব ঘুরিয়ে চালু হত টিভি। আপট্রন। টিভিতে অ্যাড চললে নিথর হয়ে সামনে দাঁড়িয়ে পড়তাম। তখন অবশ্য অ্যাড বলা হত না, অ্যাভার্টাইসমেন্ট বলা হত। দুটো বিজ্ঞাপন ছিল আমার সবচেয়ে প্রিয় - 'নিরমা' আর 'ভিক্স'। এই দুটো জিঙ্গল গেয়ে দালান, উঠোন, বাগানে ঘুরে বেড়িয়েছি ঢের। নিরমার বিজ্ঞাপন টা আমি আর দিদিয়া অভিনয় করে সকলকে দেখাতেও পারতাম। ও ঘুরে ঘুরে দাঁড়াত আর আমি হামাগুড়ি দিয়ে ওর দু'পায়ের ফাঁক গলে বেরিয়ে যেতাম 'ওয়াশিং পাউডার নিরমা' গাইতে গাইতে। বলাই বাহুল্য অভিনয়ের শেষে জোর করে হাততালিও জোগাড় করতাম।

আর ভিক্স এর বিজ্ঞাপনটায় তখন ছিল বাবা আর মেয়ে। বাবার পিঠে চড়ে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, ঘুরতে ঘুরতে বাবার গলা খুসখুস। অতঃপর আমিও বাবাকে ঘোড়া করে চড়ে বসতাম পিঠে। আর গলা ফাটিয়ে "ভিসকি গোলি লো খিচখিচ দুত কালো..." বলে ঘুরে বেড়াতাম একবার, দুবার, তিনবার, যতক্ষণ না বাবা 'আর নয়' বলছে।

ভিক্সটা এখনও মাঝেসাঝে খেতে বেশ ভালোই লাগে। বাবাকে অবশ্য দিই না। শুয়ে শুয়ে কি আর লজেন্স খাওয়া যায়?

No comments:

Post a Comment